ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা থাকলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, আইনি প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ব্যক্তিগত ইচ্ছা আর বাস্তবতার মধ্যে পার্থক্য রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইনি প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী হিসেবে তার দেশে ফেরার সুযোগ নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তার ভাষ্য, দেশে ফিরলে শেখ হাসিনাকে বন্দি হিসেবেই এবং কঠোর নিরাপত্তার মধ্যে ফিরতে হবে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কিত নয়; বরং সন্ত্রাসীদের বিষয়ে সাধারণ মানুষের অবস্থান কঠোর।
হুমায়ুন কবির বলেন, বর্তমান সরকার আত্মবিশ্বাসী এবং জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সরকারের শক্ত ভিত্তি রয়েছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়। এতে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের প্রায় ৬০টি মিশনের প্রধান এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সরকারের পক্ষে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন।