লিবিয়ার বেনগাজি বন্দরে নোঙর করা রাশিয়ার একটি যুদ্ধজাহাজ সামুদ্রিক ড্রোন দিয়ে ডুবিয়ে দিয়েছে ইউক্রেন। রোববার ভোরে চালানো এই হামলায় জাহাজে থাকা একটি যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এই হামলার দায় স্বীকার করেছেন। তিনি জানান, ইউক্রেনের তৈরি সাতটি সামুদ্রিক ড্রোন এই অভিযানে ব্যবহার করা হয়। ড্রোনগুলো ভূমধ্যসাগরে থাকা একটি জাহাজ থেকে ছোড়া হয়।
হামলার লক্ষ্য ছিল রুশ নৌবাহিনীর করভেট মারকুরি। বেনগাজি নৌঘাঁটিতে নোঙর করা জাহাজটিতে ড্রোন আঘাত হানার পর এতে আগুন ধরে যায়। জাহাজে থাকা কা-২৭ ধরনের একটি যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস হয়।
একই অভিযানে রাশিয়ার পণ্যবাহী জাহাজ এমভি আঙ্গারাতেও আঘাত হানে ইউক্রেনের ড্রোন। জেলেনস্কির ভাষ্য, অস্ত্র পরিবহনে জাহাজটি ব্যবহার করছিল রাশিয়া।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে জাহাজটিতে মনুষ্যবিহীন যান দিয়ে হামলা চালানো হয়েছে। ত্রিপোলিভিত্তিক সরকার এই হামলায় গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, লিবিয়া কোনো বিদেশি সামরিক কার্যক্রমের অনুমতি দেয়নি এবং দেশটি রাশিয়া-ইউক্রেন সংঘাতের পক্ষ নয়।
এর আগের দিন শনিবার ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার প্রতিরক্ষা সরবরাহকারী প্রতিষ্ঠানের আরেকটি পণ্যবাহী জাহাজেও ড্রোন হামলা হয়। ওই জাহাজে আগুন ধরে যায়।