ব্যাংকিং খাতের দুর্বলতা কাটাতে চার বছর মেয়াদি সমন্বিত সংস্কার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণে সম্পদমান পর্যালোচনা কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে পরিচালিত এই পর্যালোচনার মাধ্যমে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, খেলাপি ঋণের হারসহ ব্যাংকিং খাতের বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কর্মকাণ্ডের ফল নয়; বরং দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিয়ম ও দুর্বলতার বাস্তব প্রতিফলন। চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে বলে আশা করছে সংস্থাটি।
সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে এসব ব্যাংকে সুশাসন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তন। ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়মের পুনরাবৃত্তি ঠেকানো এবং আমানতকারী ও সাধারণ মানুষের আস্থা সুদৃঢ় করাই এসব পদক্ষেপের লক্ষ্য।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করা ও আর্থিক সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠায় ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এসব পরিকল্পনায় প্রয়োজনীয় পুনঃমূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতকে আরও সক্ষম, ঝুঁকি সহনশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সমন্বিত সংস্কার কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া, ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আর্থিক খাতের প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত সংস্কার করা হবে। পাশাপাশি জরুরি সহায়তা ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।
বিজ্ঞপ্তিতে জনসাধারণকে গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করা হয়েছে।