ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২৫ নভেম্বর। গত ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়। এবার ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ইতিমধ্যে দুই লাখ ছাড়িয়েছে।
এদিকে সোমবার চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এতে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। নতুন ফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা অর্জন করেছেন, তাদের আবেদনের সুযোগ দিতেই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তি পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। ঘোষিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।