ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে টঙ্গীতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরের মালামাল ও মামলার নথিপত্র বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার সকালে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় মণ্ডল গ্রুপের একটি পোশাক কারখানায় শ্রমিকেরা ভাঙচুর চালান। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের অনেক কারখানার শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন। শ্রমিক আন্দোলন এড়াতে বেলা ১১টা থেকে টঙ্গীর গাজীপুরা, খরতৈল, খাঁপাড়া, সাতাইশ ও রাজনগর এলাকার পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরে থাকা মামলার নথিপত্র, চেয়ার-টেবিল বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন। একই সময় মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় জ্বালিয়ে অবরোধ করা হয়। তুসুকা, মাসকো ও সিজন ড্রেসেসসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের কারণে দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর এলাকায় ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. শফিকুল ইসলাম জানান, মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানিয়েছেন, পুলিশ বক্স থেকে বের করা জিনিসপত্রে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।