দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানিয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে এখন গুনতে হবে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। আগের দামের চেয়ে ভরিতে বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা। ভ্যাটসহ এই দাম নির্ধারণ করা হয়েছে; তবে অলংকার কিনতে এর সঙ্গে মজুরি যুক্ত হবে।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
এর আগে গতকাল সোমবারও সোনার দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। তার আগে টানা নয় দফায় কমেছিল সোনার দাম।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৬৭ বার দাম বাড়ানো হয়েছে, ৭৬ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। মঙ্গলবার প্রতি আউন্স স্পট সোনার দাম বেড়ে ৩ হাজার ৬৩৫ ডলার ছাড়িয়েছে।