বিমা দাবি পরিশোধে সন্তোষজনক অগ্রগতি না থাকায় সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন পলিসি বিক্রি সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে প্রথম বর্ষের প্রিমিয়াম সংগ্রহও বন্ধ থাকবে।
২০২৬ সালের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির অনিষ্পন্ন বিমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে ২১২ কোটি ৯৮ লাখ টাকা। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পালনেও কোম্পানিটির অগ্রগতি সন্তোষজনক নয়।
গত ১৮ নভেম্বর জারি করা নির্দেশনায় বলা হয়, ২০ নভেম্বর থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কোম্পানিটি নতুন কোনো জীবন বিমা পলিসি ইস্যু করতে পারবে না। এসব পলিসির বিপরীতে প্রথম বর্ষের প্রিমিয়াম সংগ্রহও বন্ধ থাকবে।
এর আগে গত ৫ জুলাই গভর্ন্যান্স রিভিউ সভায় কোম্পানিকে গ্রাহকদের বিমা দাবি পরিশোধের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যবস্থাপনা ব্যয় কমানোর কর্মপরিকল্পনা জমা দিতে বলা হয়। তবে কোম্পানির দেওয়া কর্মপরিকল্পনা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক মনে হয়নি। গত ১১ আগস্ট পাঠানো কারণ দর্শানোর নোটিশেরও কোনো জবাব দেয়নি কোম্পানিটি।
কোম্পানির প্রস্তাবিত ও চলমান জমি বিক্রির কার্যক্রম এবং বিমা দাবি পরিশোধের অগ্রগতি তদারকির জন্য গত ৩ সেপ্টেম্বর নিরীক্ষা প্রতিষ্ঠান সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানিকে নিয়োগ দেয় আইডিআরএ। প্রতিষ্ঠানটি ৪ অক্টোবর কোম্পানির কাছে চিঠি পাঠালেও কোনো জবাব পায়নি।
বিমা আইন, ২০১০-এর ৫০(১)(ঙ) ধারায় দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে এবং বিদ্যমান পলিসিগ্রাহকদের স্বার্থ সুরক্ষায় নতুন ব্যবসা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে কোম্পানির বিদ্যমান পলিসির কার্যক্রম বন্ধ করা হয়নি। এসব পলিসির বিপরীতে দ্বিতীয় ও পরবর্তী বছরের নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করা যাবে। একই সঙ্গে বিদ্যমান পলিসির সব দায়দায়িত্ব পালন এবং গ্রাহকদের বিমা দাবি পরিশোধ অব্যাহত রাখতে হবে। নির্দেশনা যথাযথভাবে পালন না করলে বিমা আইন অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।