ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি এবার বড় পর্দায় নাম লিখছেন। গোলাম হায়দার কিসলুর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মস্তান’-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তাঁর। ছবিতে তাঁর সঙ্গে থাকছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও তমা মির্জা।
দুই দশকের বেশি সময় ধরে বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন কিসলু। নাটক ও টেলিছবি নির্মাণেও তাঁর পরিচিতি রয়েছে। এবার প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণে যাচ্ছেন তিনি। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নিজেই।
পরিচালক জানিয়েছেন, এক লাইনে বলতে গেলে এটি প্রেম ও প্রতিশোধের গল্প। আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমাটি। তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানাননি তিনি।
আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। গল্পের প্রয়োজনে পুরো শুটিং হবে চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। লোকেশন দেখতে নির্মাতা এখন রামগড় এলাকায় রয়েছেন। এরপর কাপ্তাই ও রাঙামাটির বিভিন্ন এলাকায় টানা শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।
মাহি এখন পুয়ের্তো রিকোতে রয়েছেন, সেখানে চলমান মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। সেখান থেকেই নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। বড় পর্দায় প্রথম কাজ, তার ওপর চঞ্চল, শুভ ও তমার মতো অভিনয়শিল্পীদের সঙ্গে পর্দা ভাগাভাগি—সব মিলিয়ে নতুন অভিজ্ঞতার অপেক্ষায় আছেন মাহি।
চঞ্চল চৌধুরী বর্তমানে শঙ্খ দাশগুপ্তের ‘আবার দেখা হলে’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। আরিফিন শুভর সর্বশেষ ছবি ‘মালিক’ মুক্তি পেয়েছে গত ঈদুল আজহায়। তমা মির্জা সম্প্রতি শেষ করেছেন ‘খলনায়ক’ সিনেমার শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে পারে ‘মস্তান’।