দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল)। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে শুরু হবে এর কার্যক্রম। তবে টার্মিনালটি পুরোপুরি চালু হতে আরও সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বিমানমন্ত্রী জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সই করার পরিকল্পনা রয়েছে। এরপর ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করা হবে। শুরুতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সিঙ্গাপুর এয়ারলাইনসসহ বিভিন্ন সংস্থার চারটি ফ্লাইট পরিচালিত হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।
টার্মিনাল পরিচালনার চুক্তির শর্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে দেখা গেছে, বিদ্যমান বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন আরেকটি বিমানবন্দরের প্রয়োজন নেই। পাশাপাশি আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নির্মাণ করাও কঠিন। এসব বিষয় বিবেচনায় নিয়ে চুক্তির শর্ত মেনে নেওয়া হয়েছে।
তবে এসব শর্তের কারণে বাংলাদেশ খুব একটা পিছিয়ে পড়েনি বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনালের সব কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।
এদিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নিয়েও কথা বলেন বিমানমন্ত্রী। তিনি জানান, বিমানবন্দরটির উদ্বোধনের প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর সময়সূচি অনুযায়ী এটি উদ্বোধন করা হবে। তবে পূর্বের সম্ভাব্য সময়সূচি অনুযায়ী আগামী ১ ডিসেম্বর বিমানবন্দরটির উদ্বোধন হচ্ছে না।