দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আবার বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। এটি মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ হিসাবে এই চিত্র উঠে এসেছে।
তিন মাস আগের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। গত জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণের হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট।
সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। জুন শেষে এই পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা।
খাতভিত্তিক হিসাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থা সবচেয়ে নাজুক। সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা বা ৩২ দশমিক ০২ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোতে এই পরিমাণ ৩ হাজার ৯১৫ কোটি টাকা বা ৫ দশমিক ৯২ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ভালো উদ্যোক্তাদের দেওয়া ঋণ পুনঃতফসিলসহ নানা নীতিগত সুবিধা অনুমোদনে সময় লাগায় খেলাপি ঋণ এখনো কমছে না।