ধনীদের তুলনায় গরিবের ওপর ভ্যাটের বোঝা প্রায় সাত গুণ বেশি — এমন চিত্র উঠে এসেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) এক গবেষণায়। সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবার তাদের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ ভ্যাট হিসেবে পরিশোধ করে, যেখানে সবচেয়ে ধনী ১০ শতাংশের ক্ষেত্রে এ হার মাত্র ২ দশমিক ৮০ শতাংশ।
গবেষণার তথ্য অনুযায়ী, আয়কর পরিশোধের ক্ষেত্রেও ধনী ও দরিদ্র পরিবারের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের ১১ দশমিক ০৩ শতাংশ আয়কর হিসেবে দেয়। অন্যদিকে দরিদ্র পরিবারগুলোর আয় সাধারণত করযোগ্য আয়ের সীমার নিচে থাকায় তাদের আয়কর দিতে হয় না।
গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলের সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশের বেশি ভ্যাট হিসেবে চলে যায়। শহরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এ হার ১৬ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ শহরের তুলনায় গ্রামীণ দরিদ্র পরিবারগুলোর ওপর ভ্যাটের চাপ আরও বেশি।
ব্যক্তিগত আয়করের বড় অংশ বহন করে উচ্চ আয়ের পরিবারগুলো। গবেষণায় বলা হয়েছে, দেশের সবচেয়ে দরিদ্র ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তিগত আয়কর নেই। তাদের আয় করযোগ্য সীমার নিচে থাকায় এ শ্রেণির পরিবারগুলোকে প্রায় কোনো আয়কর দিতে হয় না। অন্যদিকে দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি ভোগ করে। প্রচলিত করহার অনুযায়ী, সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশের বেশি এই পরিবারগুলোর কাছ থেকে আসার কথা।
র্যাপিডের গবেষণায় আরও বলা হয়েছে, দেশে ব্যক্তিগত আয়করের আওতায় সক্রিয় করদাতার সংখ্যা অত্যন্ত সীমিত। মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএন) মধ্যেও রিটার্ন জমা দেওয়ার হার সন্তোষজনক নয়। ব্যক্তি ও অন্যান্য শ্রেণির ক্ষেত্রে রিটার্ন জমার হার ৪৩ দশমিক ১ শতাংশ। কোম্পানির ক্ষেত্রে এ হার মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ। ফলে বিপুল পরিমাণ সম্ভাব্য করযোগ্য আয় কার্যকর করব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।