সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন ও অন্যান্যদের বিরুদ্ধে ১০০ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ উঠেছে, দুদকের অনুসন্ধানের খবর জেনে আগামীকাল রোববার দেশ ছাড়ছেন সিটি ব্যাংক পিএলসির এমডি মাসরুর আরেফিন।
দুদক সূত্রে জানা গেছে, পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অভিযোগকারীর মর্টগেজ করা সম্পত্তি প্রকৃত মূল্যের পরিবর্তে অত্যন্ত কম মূল্যে নিলামে বিক্রি দেখিয়ে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
অভিযোগটি অনুসন্ধানের জন্য সহকারী পরিচালক বিষাণ যোষকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করেছে কমিশন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধান অনুযায়ী অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অনুসন্ধানকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ বা কোনো সম্পদ ক্রোক করা হলে তা লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে জানাতে বলা হয়েছে।
একই অভিযোগে ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-০২ এ মামলা করেছেন (স্মারক নম্বর-৩৭০৬, তারিখ: ১৮/০৬/২৬; সিআর মামলা নম্বর-৮৮৬/২৬, গুলশান)। গত ৯ আগস্ট আদালত অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকের কাছে পাঠায়। এরপর ২৭ সেপ্টেম্বর দুদক অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে।
এ বিষয়ে সিটি ব্যাংক পিএলসির হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানান, মাসরুর আরেফিন ২২ নভেম্বর কায়রো যাচ্ছেন এবং ৩০ নভেম্বর ফিরবেন। তিনি অফিসিয়াল কাজে যাচ্ছেন বলে জানান। দুদক তার বিদেশযাত্রা সম্পর্কে অবগত রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি একসঙ্গে চলে যাচ্ছেন, আর দেশে ফিরবেন না কিনা জানতে চাইলে ইয়াহিয়া মির্জা বলেন, দেশে ফিরবেন না কেন?
দুদক রোববারের আগেই তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, দুদক নিষেধাজ্ঞা দেবে না বলে মনে করেন। অনুমতি নিয়েই তিনি যাচ্ছেন এবং দুদক জানে তিনি রোববার যাচ্ছেন। দুদকের কাজ দুদক করবে, আইনের কাজ আইন করবে বলে মন্তব্য করেন তিনি।
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
সিটি ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগও অনুসন্ধান করছেন দুদকের আরেকজন কর্মকর্তা।