আজ সশস্ত্র বাহিনী দিবস। মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভোরে ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এই মোনাজাত করা হয়।
রাষ্ট্রপতি প্রথমে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রীও সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। পরে তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাঁদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন।
বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও কূটনীতিকেরা অংশ নেবেন। বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা একত্রিত হয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছিলেন। সেই দিনের স্মরণে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া আজ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, মোংলা, খুলনা ও বরিশালে নৌবাহিনীর নির্ধারিত জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।