মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও সম্পদ ছিল। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
এপির বিশ্লেষণ অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে ১১৫টির বেশি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ইরানের প্রধান লক্ষ্য ছিল ঘাঁটিগুলোর আগাম সতর্কতাব্যবস্থা। পাশাপাশি যুদ্ধবিমান ও বিভিন্ন ভবনেও হামলা চালানো হয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালিয়েছে ইরানি বাহিনী। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, এসব হামলায় ঘাঁটিটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া বিমানঘাঁটির কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে।
এপির বিশ্লেষণে আরও দেখা গেছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক বিমান ও অবকাঠামো বিশেষভাবে লক্ষ্যবস্তু হয়েছে।
স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এপি ক্ষয়ক্ষতির তথ্য বিশ্লেষণ করেছে। তবে এসব স্থাপনার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এবং সামরিক কার্যক্রমে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তথ্যসূত্র: এপি, আল-জাজিরা