দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয় এবং প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হওয়ার পর এটিই তার প্রথম জন্মদিন।
দেশের ১১তম প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তারেক রহমানের শৈশব শুরু হয় একটি বিনয়ী পরিবেশে যেখানে সরল জীবনযাপন ছিল তার পরিবারের মূলমন্ত্র। তিনি ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে (আইআর) ভর্তি হন।
দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয় এবং প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হওয়ার পর এটিই তার প্রথম জন্মদিন। দিনটি অনাড়ম্বরভাবে পারিবারিক আয়োজনে উদযাপন করবেন প্রধানমন্ত্রী। দলীয়ভাবে কোনো কর্মসূচি নেই।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে দলীয় কোনো কর্মসূচি নেই। দেশের মানুষের প্রত্যাশা পূরণ, মেধাভিত্তিক সমাজ গঠন এবং একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রা শুরু করেছেন, জন্মদিনের এই শুভক্ষণে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করছি।’
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একাধিক সদস্য দেশ রূপান্তরকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তার জন্মদিন পারিবারিকভাবে পালন করবেন। তবে ছাত্রদল প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল।
১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। পিতার জন্মস্থান উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনের সময় তিনি তার দলের পক্ষে জনমত গঠনে কাজ করেন। এই নির্বাচনে তিনি তার মা খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন।
সেনা সমর্থিত ওয়ান-ইলেভেনের সরকারের সময় তিনি গ্রেপ্তার হন। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্য যান। এর আগে ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে ব্যাপক গণসংযোগ চালান তারেক রহমান। লন্ডনে অবস্থানকালেই ২০০৯ সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় প্রবাসে থেকে অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে তিনি দলকে ঐক্যবদ্ধ রাখেন এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন। এরপর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন। দেশে ফেরার মাত্র কয়েক দিনের মাথায় মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে গভীর শূন্যতার মুখোমুখি হন তিনি। সেই শোককে শক্তিতে পরিণত করে ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।