আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় দেশটির নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে গাম্বিয়ার করা গণহত্যা মামলার রায় পড়ে শোনানোর সময় আদালতের সভাপতি বিচারক ইউজি ইওয়াসাওয়া এ তথ্য তুলে ধরেন।
আদালতের হিসাবে, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালে প্রায় ১০ হাজার রোহিঙ্গা সহিংসভাবে নিহত হয়েছেন বলে প্রমাণ মিলেছে। বিচারক বলেন, বাহিনী নির্বিচারে মানুষ হত্যা করেছে, পুরুষদের আলাদা করে ধরে নিয়ে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার পথেও বহু রোহিঙ্গার ওপর হামলা হয়েছে বলে আদালত জানিয়েছে।
রায়ে আরও বলা হয়, অভিযানের আগে উত্তর রাখাইনে বসবাসরত প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যা গণহত্যা কনভেনশনের বিচারে ‘উল্লেখযোগ্য’ সংখ্যা। কয়েক দশকের বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধ ধীরে ধীরে রোহিঙ্গাদের অধিকার কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেন বিচারক। সেনাবাহিনীর মদদে ছড়ানো বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের ‘অমানবিক’ হিসেবে তুলে ধরে সহিংসতার পরিবেশ তৈরি করেছিল বলেও আদালত জানায়।
২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করে। ২০১৭ সালের ২৫ আগস্টের পর শুরু হওয়া অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে; বর্তমানে কক্সবাজারের শিবিরগুলোতে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।
রায় পাঠ এখনো চলছে; গণহত্যা সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি।