নড়াইলের কালিয়ায় বিএনপির এক প্রতিবাদ মিছিলে হামলায় দলটির দুই স্থানীয় নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিয়া কৃষক দলের নেতা শাহিন (৪৫) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা সোহেল (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শাহিন ও সোহেলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনায় পাঠানো হচ্ছিল। পথেই তাঁদের মৃত্যু হয়।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী জানান, ঘটনার তদন্ত চলছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের দিকে রওনা হলেও রাস্তায় ভিড় ও বাধার কারণে ফিরে আসতে বাধ্য হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে ওই শোভাযাত্রা বের করা হয়েছিল। এ ঘটনায় কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।