কৃষি যন্ত্রপাতি কেনার মোট দামের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে ব্যাংক। বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ কৃষক বা ক্রেতাকে নিজের তহবিল থেকে দিতে হবে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় বড় পরিবর্তন এনে আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনায় শস্য-ফসল, সেচ ও কৃষি যন্ত্রপাতি, মৎস্য এবং প্রাণিসম্পদ—এই চার খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ব্যাংকগুলোর মোট কৃষি ঋণের লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ শস্য ও ফসলে, ২০ শতাংশ প্রাণিসম্পদে, ১৩ শতাংশ মৎস্যে এবং ২ শতাংশ সেচ ও কৃষি যন্ত্রপাতিতে বিতরণ করতে হবে। বাকি ১০ শতাংশ কৃষি উৎপাদন, পল্লী অঞ্চলের উৎপাদন ও সেবা, কৃষি প্রযুক্তি ও মূল্য শৃঙ্খলসহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যয় করা যাবে।
নীতিমালায় নতুন করে যুক্ত হয়েছে কৃষি মূল্য শৃঙ্খল, নির্ভুলতাভিত্তিক চাষাবাদ এবং জলবায়ু সহনশীল স্মার্ট কৃষি। ফলে উপকরণ সরবরাহ থেকে শুরু করে উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণনের সঙ্গে যুক্ত উদ্যোক্তা ও বিক্রেতারা ঋণ পাবেন। স্যাটেলাইট চিত্র, ড্রোন, সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার এবং খরা, বন্যা ও লবণাক্ততা সহনশীল চাষ, সৌর পাম্প ও জৈব সার উৎপাদনেও অর্থায়ন করা যাবে।
ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার, পাওয়ার টিলার, রিপার, পাওয়ার থ্রেসার, সিডারসহ বিভিন্ন যন্ত্র কেনায় ঋণ মিলবে। নির্বাচিত কয়েকটি যন্ত্রের আনুমানিক দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে—ট্রাক্টর ২৫ থেকে ৩০ লাখ টাকা এবং কম্বাইন্ড হারভেস্টার ২০ থেকে ২৫ লাখ টাকা। কৃষক কার্ডধারী প্রকৃত কৃষক ও ভাড়ায় যন্ত্র সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো এই ঋণ পাবে; তবে ঋণখেলাপিরা সুবিধার আওতায় আসবেন না।
ছোট যন্ত্রের ক্ষেত্রে কেনা যন্ত্রটিই প্রাথমিক জামানত হিসেবে গণ্য হবে। বড় যন্ত্রের ক্ষেত্রে ব্যক্তিগত গ্যারান্টি বা স্থাবর সম্পত্তি সহ-জামানত রাখা যাবে। যন্ত্রের আয়ুষ্কাল তিন থেকে পাঁচ বছর বিবেচনায় ফসলের মৌসুম অনুযায়ী কিস্তি নির্ধারণ করা হবে এবং সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়া যাবে। আবেদনের সঙ্গে প্রোফর্মা ইনভয়েস জমা দিতে হবে এবং ব্যাংক কর্মকর্তারা সরেজমিনে যাচাই করবেন। এ ছাড়া বায়োগ্যাস, সৌর প্যানেল ও জৈব সার উৎপাদনের ঋণও কৃষি ঋণ হিসেবে গণ্য হবে। প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং বর্গাচাষিরা যাতে সহজে ঋণ পান, সে জন্য ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে ঋণ বিতরণ এবং হাটের দিনে ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে।