বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় নতুন করে সর্বোচ্চ ২৪৬ মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। দুই দেশের সরকারের মধ্যে উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা শেষে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। আলোচনা শেষ হয় গতকাল বুধবার; এ বিষয়ে যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আজ বৃহস্পতিবার।
নতুন এই প্রতিশ্রুতিসহ ২০২৪ সালের সরকারি আলোচনার পর থেকে মোট প্রতিশ্রুতির পরিমাণ দাঁড়িয়েছে সর্বোচ্চ ৪০২ মিলিয়ন ইউরো।
বাংলাদেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী। জার্মানির পক্ষে নেতৃত্ব দেন দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান বারবারা শেফার। জার্মানির উপমন্ত্রী ও সংসদীয় প্রতিমন্ত্রী বারবেল কোফলার অনলাইনে উদ্বোধনী বক্তব্য দেন।
সিদ্দিকী বলেন, প্রায় ৫৫ বছর ধরে জার্মানি বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে এবং দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে এই সহযোগিতার অবদান রয়েছে। দারিদ্র্য দূরীকরণ, সুশাসন, জলবায়ু সহনশীলতা, নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়নকে তিনি যৌথ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। প্রকল্প দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপরও তিনি জোর দেন।
কোফলার বলেন, জার্মানি বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্ব অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থের কার্যকর ব্যবহার ও প্রশাসনিক জটিলতা দূর করে প্রকল্প বাস্তবায়ন দ্রুত করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি। নতুন সহযোগিতা নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা, টেকসই নগর উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, পরিবেশবান্ধব সরবরাহ শৃঙ্খল, বাণিজ্য ও টেকসই অবকাঠামো, জীববৈচিত্র্য, কক্সবাজারে বাস্তুচ্যুত ও আশ্রয়দাতা জনগোষ্ঠী এবং বিরোধ নিষ্পত্তিতে নারীদের সহায়তাসহ বিভিন্ন খাতে ব্যয় হবে।