প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। মঙ্গলবার বিকেল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নিয়ে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। এরপর সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
এ সংযোগের মূল উদ্দেশ্য জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় ও কারিগরি সক্ষমতা যাচাই করা। প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার অর্থ এই নয় যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে গেছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চূড়ান্ত অনুমোদন নিয়ে পুনরায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে তাদের অনুমোদন নিতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, গ্রিড প্রস্তুত রয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।
পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর কেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। প্রথম ইউনিটের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।