কোডিং, সাইবার নিরাপত্তা, ছবি তৈরি ও অডিও ট্রান্সক্রিপশনের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের প্যাকেজ উন্মোচন করেছে মাইক্রোসফট।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত মাইক্রোসফট ইগনাইট সম্মেলনে এসব প্রযুক্তির ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা।
নতুন মডেলগুলোর মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছে এমএআই কোড ২। সফটওয়্যার তৈরি ও প্রোগ্রামিংয়ের কাজে ব্যবহারের জন্য তৈরি এই মডেলটি গিটহাব কোপাইলটে যুক্ত করা হচ্ছে। এর হালকা সংস্করণ কোড ২ ফ্ল্যাশও আনা হয়েছে। মাইক্রোসফটের দাবি, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের উন্নত কোডিং মডেলের কাছাকাছি পারফরম্যান্স দিতে সক্ষম এই মডেল, তবে পরিচালন ব্যয় অনেক কম।
সাইবার নিরাপত্তার জন্য আনা হয়েছে এমএআই সাইবার ২ ফ্ল্যাশ। সফটওয়্যারের নিরাপত্তাজনিত দুর্বলতা শনাক্ত ও প্রতিরোধে এটি ব্যবহার করা হবে। তবে শুরুতে মডেলটির সুবিধা সীমিতসংখ্যক গ্রাহকের জন্য উন্মুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ছবি তৈরি এবং অডিওকে লেখায় রূপান্তরের জন্যও নতুন মডেল প্রকাশ করেছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের এআই বিভাগের প্রধান মুস্তাফা সুলেইমান জানিয়েছেন, নির্দিষ্ট কাজের জন্য বিশেষায়িত মডেল তৈরির কৌশল ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি পারফরম্যান্স উন্নত করতেও সহায়তা করছে।
একই সম্মেলনে কোপাইলট ওয়ার্কস্পেসেরও ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে মানুষ ও এআই এজেন্ট একই কর্মপরিসরে একসঙ্গে কাজ করতে পারবে। এ ছাড়া এআইয়ের স্বচ্ছতা বাড়াতে ৪০টির বেশি প্রতিষ্ঠানকে নিয়ে এআই ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ শুরু করেছে মাইক্রোসফট। এর মধ্যে রয়েছে অ্যাকসেঞ্চার, অ্যাডোবি, কেপিএমজি, মাস্টারকার্ড ও ভলভো কারস। এই উদ্যোগের লক্ষ্য এআই ব্যবস্থার স্বচ্ছতা, নিরাপত্তা ও পরিচালনার জন্য অভিন্ন ও উন্মুক্ত মান তৈরি করা, যাতে মডেলের আচরণ স্বাধীনভাবে যাচাই করা যায়।
নতুন এই ঘোষণাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে মাইক্রোসফটের প্রতিযোগিতা আরও জোরালো করবে বলে মনে করা হচ্ছে।