সিরাজগঞ্জের হাটিকুমরুলে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুব রহমান জানান, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো আজও সকালে হাঁটতে বেরিয়েছিলেন ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম। ঘন কুয়াশার মধ্যে মহাসড়ক দিয়ে হাঁটার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।