মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার মধ্যে হরমুজ প্রণালির অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের কারণেই গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। আজ (১৬ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এসব কথা বলেন আরাগচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বক্তব্য অনুযায়ী, আরাগচি বলেন, গত দুই বছর ধরে তেহরান কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের চেষ্টা চালিয়ে গেলেও ওয়াশিংটন আগ্রাসন, হুমকি, হত্যাকাণ্ড ও অর্থনৈতিক অবরোধের পথ বেছে নিয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর ইরান কেবল তাদের হামলায় ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই তেহরানের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। আরাগচি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশের ভূখণ্ড, আকাশসীমা কিংবা স্থাপনা অন্য দেশের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করা উচিত নয়। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট অঞ্চলটিতে পৌঁছেছে। এর ফলে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বাধীন এলাকায় বর্তমানে তিনটি বিমানবাহী রণতরি মোতায়েন রয়েছে। এই সামরিক তৎপরতা ইরানে নতুন করে হামলার আশঙ্কা বাড়িয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননের কাফর তেবনিত শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হতাহতের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক উপপরিচালক আলি ভায়েজের মতে, পারস্পরিক অবিশ্বাস এবং কঠোর দাবিদাওয়ার কারণে দুই দেশের শান্তি আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে। উভয় পক্ষই মনে করছে, প্রতিপক্ষের হামলার অপেক্ষায় থাকার চেয়ে আগে আঘাত হানা নিরাপদ হতে পারে। তিনি সতর্ক করেছেন, নতুন যুদ্ধ ঠেকানোর উদ্দেশ্যে নেওয়া সামরিক পদক্ষেপই এমন সংঘাতের সূচনা করতে পারে, যা কোনো পক্ষের জন্য নিয়ন্ত্রণ করা সহজ হবে না।