বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবার ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার ভোরে চালানো এই হামলায় ছয়টি ড্রোন ব্যবহার করা হয় বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাগুলো ঠেকিয়ে দিয়েছে; ড্রোনগুলো লক্ষ্যে পৌঁছাতে পারেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা বাহিনী ইরানি ড্রোনগুলো ভূপাতিত করেছে।
রোববার ভোর চারটার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর সকাল সাড়ে ছয়টার দিকে আবার বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে বাসিন্দারা জানিয়েছেন। হামলার পর দেশজুড়ে সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়। সেপ্টেম্বরের পর এই প্রথম বাহরাইনে এ ধরনের সতর্কবার্তা জারি করা হলো।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা লক্ষ্য করে ছয়টি ড্রোন ছোড়া হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাডারে আঘাত লাগার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
তিন দিনের মধ্যে বাহরাইনে এ নিয়ে দ্বিতীয়বার হামলা হলো। এর আগে শুক্রবারও ইরান থেকে ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। সেবার কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, জর্ডান ও মিসর। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির ভূখণ্ডকে প্রতিশোধের ময়দান হিসেবে ব্যবহার করা মেনে নেওয়া হবে না এবং এসব হামলার জন্য ইরানকে সম্পূর্ণ দায়ী করা হচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চলা সংঘাতের মধ্যেই এই হামলা হলো। যুদ্ধ বন্ধে আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে।