গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রমাণ করে, জেলার বাইরে দেশের অন্য কোথাও দলটির রাজনৈতিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এসব কর্মকাণ্ড রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। গোপালগঞ্জ ছাড়া সারাদেশে দলটির কোনো অস্তিত্ব নেই। তারা নিজেদের রাজনৈতিক অবস্থান হারিয়েছে। জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার অধিকার বা সুযোগও তাদের নেই। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সুবিধা পাবে না বলে মনে করেন তিনি। সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ডসহ বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। গত সাত-আট মাসে সংবাদমাধ্যমে রাষ্ট্রীয় মদদে গুম, ব্যাংক লুট কিংবা নতুন কোনো দরবেশ বা এস আলমের মতো ঘটনার খবর আসেনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ডিসেম্বরে তার ফিরে আসার যে কথা বলা হয়েছিল, তা ছিল রাজনৈতিক ধোঁকাবাজি। তিনি দেশে না ফিরলে দলের হাজার হাজার নেতাকর্মী হতাশ হবেন। সেই বিষয়টি থেকে মনোযোগ সরাতেই গোপালগঞ্জের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি। মন্ত্রী আরও বলেন, রাজনৈতিকভাবে ফিরে আসার মতো আওয়ামী লীগের কোনো সাংগঠনিক অবস্থান বা তৎপরতা দেখা যাচ্ছে না। তার মতে, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা ছাড়া দলটির কার্যক্রমে আর কিছু নেই। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্দালিভ রহমান বলেন, ১৭ বছর পর বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেয়েছে এবং উন্নয়নমূলক কাজ চলছে। বিগত আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন। তথ্যমন্ত্রীর দাবি, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছিল, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে। বিগত সরকার সবকিছু ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।