ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৯৭ হাজার ১৫৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২.১৭ শতাংশ। সোমবার (১৬ নভেম্বর) সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে জামায়াতের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য দেন। তিনি জানান, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৫ কোটি টাকা।
গত পাঁচ বছরের তথ্য অনুযায়ী, খেলাপি ঋণ ক্রমাগত বেড়েছে। ২০২১ সালে খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি ২১ লাখ টাকা, যা মোট ঋণের ৭.২৪ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে হয় ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা বা ৭.৬৪ শতাংশ। ২০২৩ সালে খেলাপি ঋণ দাঁড়ায় ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকা বা ৮.৩৯ শতাংশ।
২০২৪ সালে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা বা ১৭.৮৩ শতাংশ। ২০২৫ সালে তা আরও বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা বা ২৯.৯২ শতাংশ। পাঁচ বছরে খেলাপি ঋণের হার বেড়েছে ২৪.৫৪ শতাংশ পয়েন্ট।
জামায়াতের আরেক সংসদ সদস্য কামরুল হাসানের একই ধরনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক এ বছর বেশ কিছু গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য ব্যাংকভিত্তিক খেলাপি ঋণ কমানো, দীর্ঘদিনের অনাদায়ী ঋণ দ্রুত নিষ্পত্তি করা, ব্যাংকগুলোর হিসাবপত্র পরিচ্ছন্ন করা এবং ঋণ আদায় ও সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো গড়ে তোলা।
তিনি বলেন, যেসব ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি, সেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা ও নিবিড় পর্যবেক্ষণ চলছে। খেলাপি ঋণ বাড়ার কারণ, আদায়ে বাধা ও ব্যাংকভিত্তিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হচ্ছে। ব্যাংকগুলোকে আদায় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে এবং অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
অর্থমন্ত্রী আরও জানান, প্রচলিত পদ্ধতিতে আদায়ের সম্ভাবনা কম—এমন দীর্ঘদিনের অনাদায়ী ঋণ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ এককালীন এক্সিট সুবিধা চালু করা হয়েছে। নির্ধারিত শর্তে ঋণগ্রহীতারা ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধার আওতায় ঋণ নিষ্পত্তি করতে পারবেন। এতে দীর্ঘদিনের খেলাপি ঋণ নিষ্পত্তি এবং ব্যাংকগুলোর হিসাবপত্র থেকে সমস্যাগ্রস্ত সম্পদ সরাতে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।