বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক হেলাল খান এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী। রোববার বিকেলে ঘটে এ ঘটনা।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এদিন এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে অংশ নেন হেলাল খান, সংগীতশিল্পী ও সুরকার ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ অনেকে।
তবে এফডিসিতে উপস্থিত থেকেও পূর্বঘোষিত ওই মানববন্ধনে অংশ নেননি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজন সদস্য। এতে ক্ষুব্ধ হন হেলাল খান।
মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয় চৌধুরীকে পেয়ে মানববন্ধনে না যাওয়ার কারণ জানতে চান তিনি। জয় বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও হেলাল খান আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে জয়কে উদ্দেশ করে তিনি ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে মন্তব্য করেন এবং এফডিসিকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার কথা বলেন।
ঘটনার পর জয় চৌধুরী জানিয়েছেন, পুরো বিষয়টি একটি ভুল-বোঝাবুঝি থেকে ঘটেছে। তাঁর ভাষ্য, শিল্পী সমিতির কার্যালয়ের সামনে বসে থাকা ব্যক্তিরা ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েবের ভক্ত। ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলা এবং মানববন্ধনে যেতে দেরি হওয়ায় হেলাল খান তাঁর ওপর ক্ষুব্ধ হন।
হেলাল খান ও জয় চৌধুরী একই সাংগঠনিক প্ল্যাটফর্ম ‘উনিশ সংগঠন’-এর দায়িত্বে রয়েছেন। চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত এ প্ল্যাটফর্মের আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং মুখপাত্র জয় চৌধুরী। সংগঠনের ভেতরে এমন বিরোধ ইতিবাচক নয় বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।