২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্যঘাটতি দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। ওই অর্থবছরে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের পণ্য।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ তথ্য জানান। তিনি জানান, ওই অর্থবছরে বাংলাদেশ ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি করেছে। দেশের রপ্তানি বাণিজ্যের ৮৪ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে।
শুধু ভারতের সঙ্গেই বাণিজ্যঘাটতি ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার। ওই অর্থবছরে ভারতে ১ হাজার ৭৬৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলারের পণ্য।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বিভিন্ন বাণিজ্য সুবিধা হারালে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে; কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও চীনের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে।