বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমেই শক্তি বাড়াচ্ছে। রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
নিম্নচাপটি এখন উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আবহাওয়াবিদদের ধারণা, অনুকূল পরিবেশ থাকলে এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
আজ সকাল ৬টায় নিম্নচাপটির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে।
এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ বিজ্ঞপ্তিটি দিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এ ব্যবস্থাটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’।