ব্যাংকে না গিয়েই মোবাইল ফোন থেকে ঋণের আবেদন করে টাকা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হচ্ছে। ছোট উদ্যোক্তা, নারী, শিক্ষার্থী ও প্রান্তিক মানুষের জন্য ডিজিটাল পদ্ধতিতে দেওয়া ‘ই-ঋণ’ সুবিধা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক।
হালনাগাদ কর্মসূচির আওতায় জামানত ছাড়া সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। ঋণের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশের বেশি হবে না।
গত ৯ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনটি এসএমই প্রজ্ঞাপন নম্বর ০২ ও এফআইডি প্রজ্ঞাপন নম্বর ০২ হিসেবে জারি করা হয়। এরপর গত ১২ নভেম্বর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সহকারী পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম। কর্মসূচির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।
এই ঋণ নিতে ব্যাংকে যেতে হবে না। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল আর্থিক সেবা ও ই-ওয়ালেটের মাধ্যমে আবেদন করা যাবে এবং টাকাও পাওয়া যাবে। তফসিলি ব্যাংকগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই ঋণ দেবে।
ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রান্তিক জনগোষ্ঠী, ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ, প্রত্যন্ত এলাকার নারী, পিছিয়ে থাকা ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা, তরুণ ও শিক্ষার্থী এবং প্রত্যন্ত এলাকায় ব্যবসা পরিচালনাকারীরা।
আগ্রহীদের তফসিলি ব্যাংকের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। ছোট উদ্যোক্তা, নারী, তরুণ, শিক্ষার্থী ও প্রান্তিক মানুষের কাছে সহজে ডিজিটাল ঋণ পৌঁছে দেওয়াই এই কর্মসূচির উদ্দেশ্য।