সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শনিবার রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে সেমিফাইনালের ম্যাচটি।
একুশ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামবে হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক দল।
মাঠের লড়াইয়ের আগে মুখোমুখি পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিচ্ছে বাংলাদেশকে। ১৯৮৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে দুই দল মুখোমুখি হয়েছে ১৮ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে আট ম্যাচ, পাকিস্তান পাঁচটি; বাকি পাঁচ ম্যাচ ড্র হয়েছে।
দুই দলের প্রথম দিকের লড়াইয়ে বাংলাদেশের সাফল্য থাকলেও পরের সময়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। ১৯৮৫ সালের ৩০ এপ্রিল ও ২ মে কায়েদে আজম আন্তর্জাতিক কাপে পাকিস্তানকে ৩-০ ও ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। একই বছরের ২১ ডিসেম্বর দক্ষিণ এশীয় ফেডারেশন গেমসেও ২-১ গোলে জয় পায় লাল-সবুজের দল।
এরপর ১৯৮৭, ১৯৮৯, ১৯৯১ ও ১৯৯৫ সালে টানা চার ম্যাচে ১-০ গোলে হারে বাংলাদেশ। ১৯৯৮ সালে গোলশূন্য ড্রয়ের পর ঘুরে দাঁড়ায় দল। ১৯৯৯ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। ২০০৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।