আগামী সপ্তাহে চীনের শেনজেনে এক টেবিলে বসতে যাচ্ছেন বিশ্বের তিন পরাশক্তির নেতা—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিন নেতার এমন ত্রিপক্ষীয় বৈঠক এই প্রথম হতে যাচ্ছে।
হোয়াইট হাউস জানিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানান, বৈঠকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করতে চান ট্রাম্প। ইরান প্রসঙ্গও আলোচনায় উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।
মস্কো ও বেইজিং এখনো ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠক থেকে কোনো চুক্তি হওয়ার প্রত্যাশা নেই।
২১ সদস্যরাষ্ট্রের দুই দিনের এপেক সম্মেলনে যোগ দিতে বুধবার রাতে শেনজেনে পৌঁছাবেন ট্রাম্প। বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এ নিয়ে চতুর্থবার তাঁদের বৈঠক হবে। সফরের শেষে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে দেশে ফিরবেন ট্রাম্প।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এর পর বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগারগুলো কার্যত কোনো বিধিনিষেধ ছাড়াই চলছে। ট্রাম্প বলেছেন, চীনকে অন্তর্ভুক্ত করে আগের চেয়ে ভালো একটি চুক্তি দিয়ে পুরোনো চুক্তিটি প্রতিস্থাপন করা যেতে পারে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শুক্রবার জানিয়েছেন, এপেক সম্মেলনের ফাঁকে শি দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। তবে ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে কোনো খবর প্রকাশ করা হয়নি।