চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চলছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও লাইভ ফুটেজের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
এদিকে শনিবার সকালে সাভার-আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আর গাজীপুরের কালিয়াকৈরে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।