তিনটি নতুন পণ্য নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা অপো। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি কাজ করছে একটি চওড়া ডিসপ্লের ফোল্ডেবল ফোন, ১৬:৯ অনুপাতের ডিসপ্লের একটি নতুন স্মার্টফোন এবং পকেট আকারের একটি গিম্বল ক্যামেরা নিয়ে। তবে এসব পণ্যের কোনোটির বিষয়েই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অপো।
ফাঁস হওয়া তথ্যে দাবি করা হয়েছে, ফোল্ডেবল ফোনটির কাজ প্রায় শেষ। এতে থাকতে পারে ২ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন চিপসেট, ভাঁজের দাগ দেখা যায় না এমন ভেতরের ডিসপ্লে এবং গিম্বল প্রযুক্তির ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। ধারণা করা হচ্ছে, ফোনটি ফাইন্ড এন৭ নামে আসতে পারে এবং আগামী বছরের প্রথম প্রান্তিকে বাজারে আসতে পারে।
দ্বিতীয় পণ্যটি একটি চওড়া স্মার্টফোন, যাতে থাকবে সাধারণের চেয়ে চওড়া ১৬:৯ অনুপাতের ডিসপ্লে, সরু বেজেল, ডাইমেনসিটি ৯-সিরিজের চিপসেট ও বড় সেন্সরের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। এটি রেনো এক্স নামে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তৃতীয় পণ্য পকেট গিম্বল ক্যামেরাটি চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে। আগের তথ্য অনুযায়ী, এতে ২০০ মেগাপিক্সেলের ১/১.১২ ইঞ্চি সেন্সর ও হ্যাসেলব্লাড ব্র্যান্ডিং থাকতে পারে।
একই সঙ্গে জানা গেছে, ফাইন্ড এক্স১০ আল্ট্রা মডেলটির কাজ আপাতত স্থগিত করেছে অপো। ওই ফোনের জন্য তৈরি কিছু প্রযুক্তি আসন্ন ফাইন্ড এক্স১১ প্রো ম্যাক্সে ব্যবহার করা হতে পারে; এতে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ২কে ১৪৪ হার্জ ডিসপ্লে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।