চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ফল দ্রুত প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে পারে। সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে পরের বছর পর্যন্ত অপেক্ষা না করেই তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূর করতে সরকার ও সংশ্লিষ্টরা একসঙ্গে কাজ করছে। শিক্ষার মানোন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ। দেশের উন্নয়নের ধারা ধরে রাখতে গবেষণার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার।