চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুতে বগুড়া সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি করতোয়া নদী খনন কার্যক্রম এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার বগুড়ায় এক অনুষ্ঠানে এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বগুড়া করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এ প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে।
তিনি বলেন, বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন এবং জেলার দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি পূরণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জেলার সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা যাবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।