সাতক্ষীরার নারী অধিকারকর্মী শম্পা গোস্বামীর বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার সংস্থাটি বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি এই আহ্বান জানায়।
শম্পা গোস্বামী সাতক্ষীরা জেলাভিত্তিক নারী সংগঠন প্রেরণার নির্বাহী পরিচালক। গত ২৯ সেপ্টেম্বর শ্যামনগর থানায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১২৪(ক) ধারায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়। অভিযোগে বলা হয়, গত ১৪ আগস্ট নিজ কার্যালয়ে এক জনসভায় তিনি সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন। রাষ্ট্রদ্রোহ জামিন-অযোগ্য অপরাধ, যার শাস্তি তিন বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
অ্যামনেস্টি বলেছে, শম্পা গোস্বামী সম্প্রতি আট সপ্তাহের আগাম জামিন পেলেও তা সাময়িক সুরক্ষা মাত্র; মামলা ও হয়রানি অব্যাহত রয়েছে। সংস্থাটি তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে নজরদারি ও ভয়ভীতি বন্ধ করা এবং তাঁর ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানিয়েছে।
গত ২১ আগস্ট ইন্দোনেশিয়ায় একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। এরপর থেকে তাঁর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চলছে। ভ্রমণ নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে গত ২০ সেপ্টেম্বর তিনি হাইকোর্টে রিট করেন।
শম্পা গোস্বামী অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে দেশের মানবাধিকার সংগঠনগুলোর জোট হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশও এই মামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিল।