রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৬, ওয়ারীতে ৫৬, মতিঝিলে ৬৪, তেজগাঁওয়ে ৮০, মিরপুরে ১৩১, গুলশানে ২৯ ও উত্তরায় ২২ জন এবং গোয়েন্দা পুলিশের হাতে ৮ জন ধরা পড়েছেন।
অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, ১টি বাস, ৫টি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।