আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার দ্বিতীয় দিন শুরু হয়েছে। বুধবার আলোচনার শুরুতে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এরপর ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইউক্রেনের আলোচক দলের প্রধান রুস্তেম উমেরভ জানিয়েছেন, দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয়েছে। প্রথমে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক হবে। তারপর ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলাদা বৈঠক হবে বলে জানান তিনি।
দ্বিতীয় দিনের আলোচনায় যুদ্ধবিরতি, জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ, কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং বড় আকারে যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এক হাজার করে বা দেড় হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিন দেশের নেতাদের বৈঠকের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
মঙ্গলবার প্রথম দিনের আলোচনা প্রায় সাড়ে চার ঘণ্টা চলে। সেদিন নিরাপত্তা নিশ্চয়তা, রাশিয়ার দাবি ও যুদ্ধোত্তর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। নয় মাস পর এটাই দুই পক্ষের প্রথম সরাসরি আলোচনা। আলোচনায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার, রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি এবং ইউক্রেনের প্রতিনিধিদলের প্রধান রুস্তেম উমেরভ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনাকে খুবই ফলপ্রসূ বলে অভিহিত করলেও বলেছেন, এক রাতে সমঝোতা হবে না।
এদিকে আলোচনা শুরুর দিনই ইউক্রেনের চারটি অঞ্চলের ছয়টি বড় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।