বাংলাদেশের শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠানে বিভাগের প্রফেসর ফারজানা মুন্সীর লেখা ‘দ্য লেবার মার্কেট ইন বাংলাদেশ: ইমার্জিং চ্যালেঞ্জেস, ফিউচার অব ওয়ার্ক অ্যান্ড পলিসি ডিরেকশন’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি প্রকাশ করেছে রাউটলেজ।
বইটিতে বাংলাদেশের শ্রমবাজারের দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরা হয়েছে — অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত মানুষের আধিক্য, তরুণ ও উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্ব, চাকরির চাহিদার সঙ্গে দক্ষতার অমিল এবং নারী-পুরুষের কর্মসংস্থানে বৈষম্য। পাশাপাশি প্রযুক্তির পরিবর্তন, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে ভবিষ্যতের কর্মজগতে তৈরি হওয়া নতুন চ্যালেঞ্জগুলোও বিশ্লেষণ করা হয়েছে।
বইটিতে বলা হয়েছে, শ্রমবাজারের সমস্যা সমাধানে শুধু কর্মীদের দক্ষতা বাড়ানো যথেষ্ট নয়; দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ তৈরি করতে উৎপাদনশীল খাতে বিনিয়োগও বাড়াতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা ও দারিদ্র্য কমাতে শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, ভালো ও নিরাপদ কাজের সুযোগ নিশ্চিত করাও জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকিতে রয়েছে; অনেক দেশ মধ্যম আয়ের স্তরে পৌঁছালেও উচ্চ আয়ের দেশে পরিণত হতে পারে না। দেশে বড় বড় অবকাঠামো তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো পরিচালনা ও কাজে লাগানোর মতো দক্ষ লোকের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি ধরে রাখতে স্বল্প মজুরির শ্রম ও জনশক্তি রপ্তানির ওপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দেন তিনি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনীতি এখন বেশি আয় ও মূল্য তৈরি করতে পারে এমন শিল্প ও সেবাখাতের দিকে এগোচ্ছে, কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে সেই পরিবর্তন ঘটছে না। সিপিডির আরেক সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, শুধু কর্মসংস্থানের সংখ্যা নয়, কাজের মানের দিকেও গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক প্রফেসর এ কে এনামুল হক বলেন, এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে অনেক কাজ এখন যন্ত্রই করে দিচ্ছে; তবে মানুষের সৃজনশীলতা ও গভীর পর্যবেক্ষণের ক্ষমতার কোনো বিকল্প নেই।
আলোচনাটি সঞ্চালনা করেন অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন প্রফেসর ওয়াসিকুর রহমান খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক এবং বিভিন্ন স্কুল ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মানসম্মত শিক্ষা (এসডিজি-৪), জেন্ডার সমতা (এসডিজি-৫) এবং শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (এসডিজি-৮) গুরুত্ব পায়।