ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিজনেস ফ্যাকাল্টি ও কলা ভবন এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক গাড়িচালক গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এই দুই একাডেমিক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম ককটেল বিস্ফোরণটি ঘটে বিজনেস ফ্যাকাল্টি ভবন সংলগ্ন স্থানে। সেখানে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলে এক গাড়িচালক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ভবনের ওপরের কোনো তলা থেকে দুর্বৃত্তরা ককটেলটি নিচে নিক্ষেপ করে থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে এতে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
এর ঠিক পরপরই কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় দ্বিতীয় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, কলা ভবনের ওপরের কোনো তলা থেকেই অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে বিস্ফোরণের বিকট শব্দে পুরো শ্যাডো ও আশপাশের এলাকায় সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সংবেদনশীল ও স্পর্শকাতর শিক্ষাঙ্গনে এ ধরনের হামলায় পুরো ক্যাম্পাস জুড়েই এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
উল্লেখ্য, এই ঘটনার আগে একই দিন মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে দেশীয় ধারালো অস্ত্র চাপাতিসহ এক ব্যক্তিকে আটক করে প্রোক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। একই দিনে পরপর এসব বিশৃঙ্খলা ও হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা শঙ্কা আরও জোরদার হয়েছে।
সার্বিক পরিস্থিতির বিষয়ে ঢাবি প্রক্টর ড. ইসরাফিল রতন জানান, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সবসময়ই সতর্ক রয়েছে। মূলত শিক্ষার্থীদের মাঝে ভয় ও আতঙ্ক ছড়ানোর জন্যই অশুভ চক্র এসব হামলা চালাচ্ছ। অপরাধীদের কঠোর হস্তে প্রতিহত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত রয়েছে।