জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তুরস্ক সরকারের আমন্ত্রণে তিনি সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন। আগামী ১১ ও ১২ নভেম্বর দুটি পৃথক অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সকাল ৭টা ২৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি ও তাঁর সফরসঙ্গীরা। বিকেলে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছে কিছুক্ষণ যাত্রাবিরতির পর অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়া যাবেন।
সম্মেলন চলছে তুরস্কের পর্যটননগরী আনতালিয়ার এক্সপো সেন্টারে; সোমবার শুরু হয়ে আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।
সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। এ ছাড়া বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল।
সফর শেষে ১২ নভেম্বর বিকেলে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।