প্রতিদিন ব্যবহারের তোয়ালে কিছুদিন গেলেই খসখসে হয়ে ওঠে, আবার ভেজা ভেজা গন্ধও ধরে। নিয়মিত ধুলেও অনেক সময় সেই গন্ধ আর রুক্ষ ভাব থেকে যায়। এর পেছনে রয়েছে ধোয়ার সময় জমে থাকা নানা উপাদান। তবে রান্নাঘরের পরিচিত একটি উপাদান—সাদা ভিনেগার—ব্যবহার করলে তোয়ালে আবার নরম ও গন্ধমুক্ত করা যায়।
কেন তোয়ালে খসখসে আর গন্ধযুক্ত হয়
ডিটারজেন্ট, ফ্যাব্রিক সফটনার, শরীরের তেল এবং পানির খনিজ পদার্থ ধীরে ধীরে তোয়ালের আঁশে জমতে থাকে। এতে তোয়ালে পানি শোষণের ক্ষমতা হারায় এবং ব্যবহারে রুক্ষ লাগে। ভেজা তোয়ালে তাড়াতাড়ি না শুকালে স্যাঁতসেঁতে গন্ধ তৈরি হয়। ভেজা তোয়ালে লন্ড্রির ঝুড়ি বা মেশিনের ভেতরে ফেলে রাখলে, কিংবা ঘরে আর্দ্রতা বেশি থাকলে দুর্গন্ধ আরও বাড়তে পারে। ভিনেগারের অম্লীয় উপাদান আঁশে জমে থাকা এসব পদার্থ দূর করতে সাহায্য করে, তাই তোয়ালে নরম ও সতেজ হয়।
কত দিন পরপর ভিনেগার ব্যবহার করবেন
প্রতিবার ধোয়ার সময় ভিনেগার দেওয়ার দরকার নেই। দুই থেকে তিনবার ব্যবহারের পর, অর্থাৎ সপ্তাহে এক থেকে দুইবার তোয়ালে ধুয়ে নেওয়া ভালো। তোয়ালে যখন খসখসে হয়ে যাবে বা গন্ধ ধরবে, তখন বিশেষ পরিচর্যা হিসেবে ভিনেগার ব্যবহার করুন।
ভিনেগার দিয়ে ধোয়ার নিয়ম
প্রথম ধাপে ওয়াশিং মেশিনে তোয়ালের সঙ্গে এক কাপ সাদা পাতিত ভিনেগার দিন। এই ধাপে ডিটারজেন্ট দেবেন না। কুসুম গরম বা গরম পানি ব্যবহার করুন। মেশিনের ধারণক্ষমতার দুই-তৃতীয়াংশের বেশি তোয়ালে একসঙ্গে দেবেন না।
দ্বিতীয় ধাপে প্রথমবার ধোয়া শেষ হলে আধা কাপ বেকিং সোডা দিয়ে তোয়ালে আবার ধুয়ে নিন। এবারও কুসুম গরম বা গরম পানি ব্যবহার করুন।
এরপর তোয়ালে ভালোভাবে শুকিয়ে নিন। পুরোপুরি না শুকালে আবার স্যাঁতসেঁতে গন্ধ তৈরি হতে পারে। তোয়ালে বেশি খসখসে বা দুর্গন্ধযুক্ত হলে জমে থাকা পদার্থ দূর করতে এই পদ্ধতি কয়েকবার অনুসরণ করতে হতে পারে।
তোয়ালে ভালো রাখতে আরও কিছু অভ্যাস
ব্যবহারের পর ভেজা তোয়ালে ওয়াশিং মেশিন, কাপড়ের ঝুড়ি বা জিমের ব্যাগে ফেলে রাখবেন না; এমন জায়গায় রাখুন, যেখানে সহজে শুকাতে পারে। ব্যবহারের পর তোয়ালে দশ মিনিট ড্রায়ারে দিলে পরের ধোয়া পর্যন্ত সতেজ থাকে। ধোয়ার সময় অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করবেন না, কারণ এর অবশিষ্টাংশ আঁশে জমতে পারে। ওয়াশিং মেশিনে একসঙ্গে বেশি তোয়ালে দেবেন না, এতে ঠিকমতো পরিষ্কার ও শুকানো কঠিন হয়। পাউডার ডিটারজেন্টের বদলে তরল ডিটারজেন্ট ব্যবহার করলে ভালো, কারণ এটি পানিতে সহজে মিশে যায় এবং ধোয়ার পর সহজে বের হয়ে আসে।