ঢাকায় গত কয়েক দিনে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোকে পরিকল্পিত নাশকতা বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের মতে, একটি নির্দিষ্ট গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এসব ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।
রোববার (৮ নভেম্বর) মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আখতার হোসেন এ কথা বলেন। তিনি জানান, প্রতিটি ঘটনা ডিএমপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তদন্ত চলছে।
গত কয়েক দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কমপক্ষে আটটি বাসে আগুন দেওয়া হয়েছে এবং ৫০টির বেশি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। গত রাতেও এ ধরনের ঘটনা ঘটেছে। রাত প্রায় ১টা ১০ মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে; এতে কেউ হতাহত হয়নি। একই রাতে যাত্রাবাড়ী ও বনানীতে মোট তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এছাড়া রাত প্রায় ১টার দিকে মহাখালী বাস টার্মিনালে পার্ক করা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন ধরে যায়।
ডিসি আখতার হোসেন জানান, এসব ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও তাদের সহযোগীরাও রয়েছে। এর আগে গোয়েন্দা শাখা (ডিবি) বিস্ফোরক ও ককটেল তৈরির সরঞ্জামসহ কয়েকজনকে গ্রেপ্তার করে। নাশকতার কাজে ব্যবহারের জন্য পেট্রল পাম্প বা অন্য কোনো জায়গা থেকে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তাও পুলিশ নজরে রাখছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে ও আতঙ্ক দূর করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান ও মোতায়েন বাড়ানো হয়েছে বলে জানান তিনি। মোবাইল পার্টি, পিকেট ডিউটি ও নজরদারি জোরদার করা হয়েছে।