এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে এবার রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। নির্ধারিত সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
শনিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এত বিপুলসংখ্যক আবেদন আগে কখনো জমা পড়েনি।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর ১ নভেম্বর থেকে ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়। একজন শিক্ষার্থী একাধিক বিষয় ও পত্রের জন্য আবেদন করতে পারায় মোট আবেদনের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। গত বছর ২ লাখ ২৬ হাজার ৫৬১ জন শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।
এদিকে আবেদনের শেষ দিন শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কারিগরি ত্রুটির কারণে অনলাইন আবেদনপ্রক্রিয়া বিঘ্নিত হয়। এ কারণে আবেদনের সময়সীমা ১২ ঘণ্টা বাড়িয়ে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে। শনিবার রাতে জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু। আবেদনপ্রক্রিয়া শেষে রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আবেদনের তথ্য সংগ্রহ করা হবে। এরপর ২৪ থেকে ২৬ নভেম্বর নম্বর পরিবর্তন হওয়া খাতাগুলোর উত্তরপত্র চূড়ান্তভাবে যাচাই করে ২৭ নভেম্বর ফল প্রকাশ করা হবে।