দীর্ঘ ১১ বছর পর আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন বলিউড তারকা সালমান খান। তার আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র নতুন গান ‘তেরি সেক্সি বিউটি’ প্রকাশ পেয়েছে। গতকাল (৪ নভেম্বর) সালমান খান ফিল্মস মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়।
গানটির কথা ও সুর করেছেন সাজিদ খান। সালমানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুসকান। মিউজিক ভিডিওতে সালমানের পাশাপাশি দেখা গেছে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা।
এর আগে ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার ‘ম্যায় হুঁ হিরো তেরা’ এবং ২০১৪ সালে ‘কিক’ সিনেমার ‘হ্যাংওভার’ গানে কণ্ঠ দিয়েছিলেন সালমান।
অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’ সিনেমাটি ২০২০ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত। সিনেমাটির আগের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটির কিছু দৃশ্য নতুন করে ধারণ করা হয়েছে। ভারতীয় সেন্সর বোর্ডের ছাড়পত্রের প্রক্রিয়াও এখনো সম্পন্ন হয়নি। ফলে চলতি বছরের এপ্রিলে মুক্তির পরিকল্পনা থাকলেও নতুন মুক্তির তারিখ ঘোষণা করেননি নির্মাতারা।
এদিকে ‘তেরি সেক্সি বিউটি’সহ সিনেমাটির মোট পাঁচটি গান প্রকাশ পেয়েছে। এর মধ্যে শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংয়ের গাওয়া দেশাত্মবোধক গানও রয়েছে।