দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সবচেয়ে বেশি। বর্তমানে দেশে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহককে ব্যয় করতে হচ্ছে ২ হাজার ৬০ টাকা। অথচ একই পরিমাণ এলপিজির দাম ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানে উল্লেখযোগ্যভাবে কম।
সোমবার (২ নভেম্বর) দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়। বিপরীতে, পাকিস্তানে সমপরিমাণ এলপিজির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৮৩ টাকা, শ্রীলঙ্কায় ১ হাজার ৫৬৭ টাকা এবং নেপালে ১ হাজার ৪২৬ টাকা। ভারতের কলকাতায় ১২ কেজি এলপিজির দাম প্রায় ১ হাজার ৭২ টাকা।
তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এলপিজি সিলিন্ডারের প্রচলিত আকারে ভিন্নতা রয়েছে। ভারত ও নেপালে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১৪ দশমিক ২ কেজির সিলিন্ডার। পাকিস্তানে ১১ দশমিক ৮ কেজি, শ্রীলঙ্কায় সাড়ে ১২ কেজি এবং বাংলাদেশে ১২ কেজির সিলিন্ডারের ব্যবহার বেশি। এ কারণে তুলনার সুবিধার্থে সব দেশের দাম ১২ কেজি এলপিজির হিসাবে রূপান্তর করা হয়েছে।
ভারতের সরকারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, দেশটির রাজধানী দিল্লিতে ১৪ দশমিক ২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯৪২ রুপি। কলকাতায় একই সিলিন্ডারের দাম ৯৬৮ রুপি। বিনিময় হার অনুযায়ী, কলকাতায় প্রতি কেজি এলপিজির দাম প্রায় শূন্য দশমিক ৭১৮ ডলার। সে হিসাবে ১২ কেজি এলপিজির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭২ টাকা।
ভারতে স্বল্প আয়ের গ্রাহকদের জন্য এলপিজি সিলিন্ডারপ্রতি ৩০০ রুপি ভর্তুকি দেওয়া হয়। তবে একজন গ্রাহক বছরে সর্বোচ্চ চারবার এ সুবিধা নিতে পারেন। এ জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন বাধ্যতামূলক। ভর্তুকি বিবেচনায় না নিলেও কলকাতায় ১২ কেজি এলপিজির দাম বাংলাদেশের তুলনায় অনেক কম।
নেপালেও ১৪ দশমিক ২ কেজির সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। দেশটির সরকারি প্রতিষ্ঠান নেপাল অয়েল করপোরেশনের তথ্য অনুযায়ী, এ সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ নেপালি রুপি। ১২ কেজি গ্যাসের হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর মূল্য দাঁড়ায় প্রায় ১ হাজার ৪২৬ টাকা।
শ্রীলঙ্কার সরকারি প্রতিষ্ঠান লিট্রো গ্যাসের তথ্য অনুযায়ী, দেশটিতে সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪ হাজার ৩৬৫ রুপি। সেই হিসাবে ১২ কেজি এলপিজির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৬৭ টাকা।
অন্যদিকে, পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে ১১ দশমিক ৮ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৪৭০ রুপি। ১২ কেজি গ্যাসের হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ১ হাজার ৫৮৩ টাকা।
তবে প্রতিবেশী দেশগুলোতে সব সময় সরকারি নির্ধারিত দামেই এলপিজি পাওয়া যায় না। চাহিদা বেড়ে গেলে স্থানীয় বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। বাংলাদেশেও একই ধরনের পরিস্থিতি দেখা যায়।
বাংলাদেশে এলপিজির দাম তুলনামূলক বেশি হওয়ার পেছনে আমদানি ও পরিবহন ব্যয়কে অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নভেম্বরের মূল্য নির্ধারণে প্রতি টন এলপিজির পরিবহন ব্যয় ও আমদানিকারকের প্রিমিয়াম বাবদ ২৫০ ডলার ধরা হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে এ ধরনের ব্যয়ের নির্ভরযোগ্য তুলনামূলক তথ্য পাওয়া যায়নি।