পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪১৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) জানানো হয়েছে, অনুমোদিত মূলধন বাড়ানোর লক্ষ্যে ব্যাংকটির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।
তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভার (ইজিএম) অনুমোদন নিতে হবে।
ব্যাংকটির পরিচালনা পর্ষদের পক্ষে কোম্পানি সচিব এমডি হাবিবুর রহমান স্বাক্ষরিত মূল্য সংবেদনশীল তথ্যে এসব বিষয় জানানো হয়েছে।