‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ অক্টোবর ২০২৬ উপলক্ষে সিনিয়র ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
গত ২৯ অক্টোবর ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ। কর্মশালায় ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক, এফসিএ এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা।
ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং ডিজিটাল সম্পদ সুরক্ষার লক্ষ্যে অক্টোবরজুড়ে সব পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ফিশিং, ম্যালওয়্যার, র্যানসমওয়্যার, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং অননুমোদিতভাবে সিস্টেমে প্রবেশের মতো সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, নিয়মিত নিরাপত্তা নির্দেশনা অনুসরণ এবং অপরিচিত ই-মেইল, সন্দেহজনক লিংক ও সংযুক্ত ফাইল খোলার ক্ষেত্রে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া পাসওয়ার্ড, ওটিপি, পিন কিংবা গোপনীয় তথ্য কারও সঙ্গে শেয়ার না করা এবং অস্বাভাবিক লেনদেন, সন্দেহজনক ই-মেইল বা নিরাপত্তা-সংক্রান্ত কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইটি নিরাপত্তা বিভাগকে জানানোর পরামর্শ দেওয়া হয়।
কর্মশালায় বলা হয়, সাইবার নিরাপত্তা কোনো একক বিভাগের দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন, সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।