নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালুর লক্ষ্যে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে করপোরেট এজেন্ট চুক্তি স্বাক্ষর করেছে ডাচ্-বাংলা ব্যাংক। ২ নভেম্বর ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ব্যাংকটির ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের আওতায় নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা যুক্ত হচ্ছে।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহ আলমের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় গ্রাহকরা মোটর, ভ্রমণ, স্বাস্থ্য, কৃষি ও শস্যবিমা সেবা গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা সেবার সাফল্য শুধু পলিসি বিক্রির ওপর নির্ভর করে না; সময়মতো, স্বচ্ছ ও ন্যায্যভাবে বীমা দাবির অর্থ পরিশোধও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাহকদের জন্য সহজ, কার্যকর ও গ্রাহকবান্ধব দাবি নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এ কৌশলগত অংশীদারিত্ব গ্রাহকদের আর্থিক সুরক্ষা জোরদার করার পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।